নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা, নিহত ১৬২; নিখোঁজ ৫৭৯ পর্যটক

BNBD NEWS:আন্তর্জাতিক ডেস্ক
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে হিমবাহ ধসে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৬২ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে চার শতাধিক বিদেশি নাগরিকসহ মোট ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার হেলিকপ্টার দিয়ে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, হিমবাহের বিশাল পাথর ও বরফের স্তর ধসে পড়ার পর প্রচণ্ড গতিতে কাদাপানি ও ধ্বংসাবশেষ নেমে আসে। এর ফলে নেপালের ত্রিশূলী নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তের মধ্যে ভেসে যায় রাস্তা, সেতু, বসতবাড়ি ও বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন স্থাপনা।
নেপাল পর্যটন বোর্ডের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৭ জন, অস্ট্রেলিয়ার ৩৪ জন, যুক্তরাজ্যের ৩৩ জন এবং কানাডার ২৪ জন রয়েছেন। নিখোঁজদের অনেকেই হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরুত্বপূর্ণ তীর্থস্থান কৈলাশ-মানস সরোবর যাওয়ার পথে ছিলেন।
এদিকে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, তিব্বতের জিরং কাউন্টিতেও এই দুর্যোগের প্রভাব পড়েছে। সেখানে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আরও ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।
দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নেপালের সেনাবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গতদের কাছে খাবার, তাঁবু ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে। প্রতিবেশী ভারতও ত্রাণ সহায়তা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও জরুরি মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে। উদ্ধারকাজ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



