ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২৮, নিহতদের মধ্যে পাঁচ শিশু

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবাসিক ভবন ধ্বংস, নিহতদের মধ্যে পাঁচ শিশু; আহত বহু মানুষ।
আন্তর্জাতিক ডেস্ক | Breaking News BD 365
ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ শিশুও রয়েছে। বুধবার (৭ অক্টোবর) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় চেরনিহিভ প্রদেশের প্রিলুকি জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে হতাহতের এ ঘটনা ঘটে।
হামলায় পাঁচতলা একটি অ্যাপার্টমেন্ট ভবনের বড় একটি অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের তীব্রতায় ভবনের জানালার কাচ ভেঙে যায় এবং ভবনের একাংশ ধসে পড়ে ও আগুনে পুড়ে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত শিশুদের মধ্যে তিনজনের বয়স মাত্র এক বছর এবং আরেকজনের বয়স আট বছর। পরে ধ্বংসস্তূপের নিচ থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, শুধু প্রিলুকির ওই আবাসিক ভবনেই ২০ জন নিহত হয়েছেন।
হামলায় বহু মানুষ আহত হয়েছেন। জেলেনস্কি জানান, আহতদের মধ্যে অন্তত সাত শিশু রয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে বেসামরিক মানুষ ও আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ করেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে প্রিলুকি এলাকায় হামলা শুরু হয়। এর আগের দিন জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলা নিয়ে সতর্ক করেছিলেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে জ্বালানি অবকাঠামোর কথাও উল্লেখ করা হয়েছিল।
এদিকে শীতকাল সামনে রেখে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কসংকেত বেড়েছে। আতঙ্কিত অনেক বাসিন্দা প্রয়োজনীয় জিনিসপত্র, কম্বল ও শোয়ার মাদুর নিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য সাবওয়ে স্টেশনগুলোতে অবস্থান নেন।
ইউক্রেনের বিমানবাহিনীর দাবি, বুধবার রাশিয়া দিনিপ্রোপেত্রোভস্ক, কিয়েভ, খারকিভ ও পোলতাভাসহ বিভিন্ন অঞ্চলে অন্তত ৫০টি ক্ষেপণাস্ত্র ও ১৩০টি ড্রোন ব্যবহার করে হামলা চালায়।
জেলেনস্কি হামলাটিকে যুদ্ধের অন্যতম ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সূত্র: এএফপি



