ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, সমর্থকদের ট্রাম্পের সতর্কবার্তা

BNBD365 NEWS | আন্তর্জাতিক
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’—এমন মন্তব্যও করেছেন তিনি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে অনুষ্ঠিত রিপাবলিকানদের মধ্যবর্তী সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
সম্মেলনে উপস্থিত সমর্থকদের আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করান ট্রাম্প। শপথে নিজের পাশাপাশি পরিবার ও বন্ধুদেরও ভোট দেওয়ার জন্য উৎসাহিত করার কথা বলা হয়।
বক্তব্যের একপর্যায়ে ট্রাম্প রসিকতার সুরে বলেন, ভোট না দিলে তার সমর্থকদের ‘সোজা জাহান্নামে’ যেতে হবে। একই সঙ্গে তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও তোলেন।
ট্রাম্প তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করে শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমানো, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কমানোর কথা উল্লেখ করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রকে একটি কঠিন সময় থেকে সমৃদ্ধির ‘স্বর্ণযুগে’ নিয়ে যাওয়া হচ্ছে।
মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন দল আসন হারানোর ঝুঁকিতে থাকলেও ট্রাম্প সিনেট ও প্রতিনিধি পরিষদ—উভয় কক্ষেই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে সম্মেলনে বক্তব্য দেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানান।


