বৃদ্ধদের সেবার নামে ৬৪ মিলিয়ন ডলারের জালিয়াতি, বাংলাদেশি নারীকে ৭৬ মাসের কারাদণ্ড

BNBD365 NEWS:আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে প্রবীণদের সেবা দেওয়ার আড়ালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত জাকিয়া খানকে ৭৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। এ সাজা প্রায় সাড়ে ছয় বছরের সমান।
আদালতের তথ্য অনুযায়ী, ব্রুকলিনের কোনি আইল্যান্ড এলাকায় ‘হ্যাপি ফ্যামিলি’ ও ‘ফ্যামিলি সোশ্যাল’ নামে দুটি প্রবীণ পরিচর্যা কেন্দ্র পরিচালনা করতেন জাকিয়া। পাশাপাশি বাড়িতে গিয়ে সেবা দেওয়ার কার্যক্রমের নামে আরও দুটি প্রতিষ্ঠান পরিচালনা করেন তিনি।
অভিযোগ রয়েছে, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় সাত বছর ধরে জাকিয়া ও তার সহযোগীরা প্রবীণদের সেবার নামে প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ হাতিয়ে নেন। কোনো সেবা না দিয়েই প্রবীণদের কাছ থেকে ভুয়া হাজিরা খাতায় স্বাক্ষর নেওয়া হতো। বিনিময়ে তাদের নগদ অর্থ দেওয়ার অভিযোগও রয়েছে।
পরে এসব ভুয়া নথি ব্যবহার করে সরকার ও মেডিকেয়ার কর্মসূচির কাছে সেবা দেওয়ার মিথ্যা দাবি জানিয়ে বিপুল অর্থ নেওয়া হয়।
তদন্তে দেখা যায়, জাকিয়ার প্রতিষ্ঠান দুটি প্রায় ৬৪ মিলিয়ন ডলারের ভুয়া বিল জমা দিয়েছিল। এর মধ্যে প্রায় ৫৬ মিলিয়ন ডলার সরকার থেকে পরিশোধ করা হয়। এই অর্থের একটি অংশ দিয়ে তিনি বিলাসবহুল বাড়ি, নগদ অর্থ ও স্বর্ণালংকার সংগ্রহ করেন বলে তদন্তে উঠে এসেছে।
তদন্তকারীদের হাতে প্রতারণার তথ্য আসার পর জাকিয়া গত বছর নিজের অপরাধ স্বীকার করেন। আদালত তাকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি সরকারের কাছ থেকে নেওয়া প্রায় ৫৬ মিলিয়ন ডলার ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তার বাড়ি, নগদ অর্থ ও স্বর্ণসহ অন্তত ৫ মিলিয়ন ডলারের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রবীণ ও অসহায় মানুষের নামে সরকারি অর্থ আত্মসাতের ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।



