প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

নিজস্ব প্রতিনিধি:BNBD NEWS 365
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সোমবার (১৭ আগস্ট) ঢাকার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি সৌদি ক্রাউন প্রিন্সের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করে জানান, সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। এ সংক্রান্ত আমন্ত্রণপত্র সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছেন।
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন বলে বাংলাদেশ সংবাদ সংস্থা জানিয়েছে।
সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। জনশক্তি রপ্তানি, রেমিট্যান্স, হজ, বিনিয়োগ ও বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে সৌদি আরব বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার। ফলে সৌদি ক্রাউন প্রিন্সের এই আমন্ত্রণকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমান ইতোমধ্যে মালয়েশিয়া ও চীন সফর করেছেন। এবার সৌদি আরব সফরের আমন্ত্রণ তার সম্ভাব্য পরবর্তী গুরুত্বপূর্ণ বিদেশ সফরগুলোর একটি হতে পারে। তবে সফরের তারিখ ও আনুষ্ঠানিক কর্মসূচি এখনো ঘোষণা করা হয়নি।



