চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৮

চাঁদপুর প্রতিনিধি:BNBD365 NEWS
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৮টার দিকে শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফা পরিবহন’-এর বাসটি বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের তীব্রতায় দুই যানের সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে আটকা পড়েন বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয়রা খবর পেয়ে উদ্ধারকাজ শুরু করলে পরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা যোগ দেন। আহতদের দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ শেষে সড়ক থেকে গাড়ি দুটি সরিয়ে যানচলাচল স্বাভাবিক করার কাজ চলছে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ঘটনার পরপরই সড়কে যানজট সৃষ্টি হয়, তবে পুলিশ তা নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।




