রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে তৎপরতা, বিএনপির দুই নেতার মনোনয়নপত্র সংগ্রহ

২০ আগস্ট ভোটগ্রহণ, ১৩ আগস্ট মনোনয়ন জমার শেষ দিন
নিজস্ব প্রতিবেদক | ব্রেকিং নিউজ বিডি ৩৬৫
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে ক্ষমতাসীন বিএনপির দুই নেতা রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
রোববার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবীর রিজভী।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত।
সবশেষে আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
এর আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট আইন ও সাংবিধানিক বিধান অনুসরণ করে স্পিকারের সঙ্গে পরামর্শক্রমে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ইসি।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকাও ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। তফসিল ঘোষণার পর মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া এখন আনুষ্ঠানিকভাবে এগিয়ে যাচ্ছে।স




