গাজীপুরে জলাশয় থেকে লাগেজ ও বস্তায় অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

গাজীপুরে জলাশয় থেকে লাগেজ ও বস্তায় অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে একটি জলাশয় থেকে লাগেজ ও বস্তার ভেতর থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি জলাশয় থেকে মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামজা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার পাশে একটি ব্রিজের নিচের জলাশয়ে একটি লাগেজ ভাসতে দেখেন স্থানীয়রা। লাগেজটি সন্দেহজনক মনে হলে তারা বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জলাশয় থেকে লাগেজটি উদ্ধার করে। পরে লাগেজ খুলে এর ভেতর থেকে এক নারীর শরীরের নিচের অংশ পাওয়া যায়।
এরপর আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে জলাশয়ের পাশ থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। ওই বস্তার ভেতর থেকে নারীর মাথাসহ শরীরের অন্যান্য অংশ পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে নিহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, লাগেজ ও বস্তার ভেতর থেকে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে ওই নারী নিহত হয়েছেন এবং কারা মরদেহটি খণ্ডিত করে জলাশয়ে ফেলে গেছে, তা জানতে ঘটনার তদন্ত চলছে।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।



