ভোলার চরফ্যাশন শহরে ফুটবল খেলা শেষে ডাকবাংলোর পুকুরে গোসল করতে নেমে মো. লাবিব মাহমুদ খান (১৪) নামে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাবিব মাহমুদ খান চরফ্যাশন টি.বি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি চরফ্যাশন আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিহাব মাহমুদের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফুটবল খেলা শেষে লাবিব কয়েকজন বন্ধুর সাথে চরফ্যাশন শহরের জেলা পরিষদের ডাকবাংলোর পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে ডুবে তলিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করেন। গুরুতর অবস্থায় তাকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল-ফরিদ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন অভিযোগ না থাকায় লাবিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাবিবের সহপাঠী ও শিক্ষকরা তার অকাল প্রস্থানে গভীর শোক প্রকাশ করেছেন। তার মেধা ও উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে সবার মনে ছিল ব্যাপক প্রত্যাশা—এই মর্মান্তিক দুর্ঘটনায় তা মুহূর্তেই মিলিয়ে গেল।