মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর রায়ে ওবায়দুল কাদের, আরাফাতসহ সাত আসামির মৃত্যুদণ্ড।
BNBD NEWS:রাজনীতি
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
ট্রাইব্যুনালের রায় অনুযায়ী, মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।
প্রসিকিউশনের অভিযোগ ছিল, ২০২৪ সালের জুলাই-আগস্টে আন্দোলন দমনে আসামিরা বিভিন্ন পর্যায়ে নির্দেশনা, প্ররোচনা ও উসকানি দেওয়ার পাশাপাশি সহিংসতা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। মামলায় তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ডে ষড়যন্ত্র, উসকানি ও সহিংসতা সংগঠনের অভিযোগও আনা হয়।
মামলাটির তদন্ত শুরু হয় ২০২৫ সালের ১৮ জুন। তদন্ত শেষে ওই বছরের ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়া হয়। পরে ১৮ ডিসেম্বর ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয় এবং আদালত অভিযোগ আমলে নেন।
চলতি বছরের ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। ১৭ ফেব্রুয়ারি প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মামলার বিচার কার্যক্রম শুরু হয়।
মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৯ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ শেষে ২ আগস্ট সাক্ষ্যপর্ব শেষ হয়। এরপর ৪ আগস্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হয় ১৭ আগস্ট। পরে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মঙ্গলবার সেই মামলার রায় ঘোষণা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ব্রেকিং নিউজ বিডি
সব খবর সবার আগে



