স্কুলশিক্ষিকাকে অপহরণচেষ্টার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় স্কুলশিক্ষিকাকে জোরপূর্বক সিএনজিতে তোলার অভিযোগ; থানায় লিখিত অভিযোগ, তদন্ত করছে পুলিশ।
Gpost24 News | সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা কসবা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নের আকছিনা গ্রামে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিক্ষিকার অভিযোগ, বাড়ি ফেরার সময় তাঁর পথ আটকে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চান দেলোয়ার। এতে রাজি না হওয়ায় অস্ত্র দেখিয়ে তাঁকে জোরপূর্বক সিএনজিতে তোলা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি তাঁকে ভয়ভীতি দেখান বলেও অভিযোগ করেন তিনি।
পরে কুল্লাবাড়ি জোড়া ব্রিজের কাছে পৌঁছালে প্রাণ বাঁচাতে চলন্ত সিএনজি থেকে লাফ দেন ওই শিক্ষিকা। তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।
অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন জিন্নাহ দাবি করেছেন, শিক্ষিকার সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাঁদের মধ্যে বিরোধের জেরেই এ ঘটনা। তাঁর ভাষ্য, শিক্ষিকার রাগ কমাতে তাঁকে সিএনজিতে করে ঘোরানো হয়েছিল; অপহরণের অভিযোগ সত্য নয়।
অন্যদিকে, শিক্ষিকা তাঁর বিরুদ্ধে করা ব্যক্তিগত সম্পর্কের দাবি অস্বীকার করেছেন। তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ জানিয়েছেন, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Gpost24 News — সত্য সংবাদ, সবার আগে।



