কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিনবয় গ্রেপ্তার

কুড়িগ্রাম এক্সপ্রেসে নারীকে ধর্ষণের অভিযোগ
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিন কক্ষে এক নারীকে তিনজন মিলে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক (২২) নামে ট্রেনের এক ক্যান্টিনবয়কে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। মামলায় অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সোমবার (৩১ আগস্ট) রাতে ট্রেনটি চলন্ত অবস্থায় থাকাকালে ওই নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি তাকে ধর্ষণের অভিযোগের কথা জানান।
৯৯৯-এর অপারেটররা ট্রেনটির অবস্থান শনাক্ত করে বিষয়টি পরবর্তী স্টেশন সান্তাহার রেলওয়ে থানাকে জানায়। পরে কুড়িগ্রাম এক্সপ্রেস সান্তাহার স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, ওই নারী ভুলবশত টিকিট ছাড়া ট্রেনে উঠে পড়েছিলেন। পরে তাকে সিটে বসিয়ে দেওয়ার কথা বলে ট্রেনের ক্যান্টিনের একটি কক্ষে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। সেখানে তিনজন মিলে তাকে ধর্ষণ করেছে বলে তার অভিযোগ।
ঘটনার পর বিষয়টি জানাজানি হলে ট্রেনের যাত্রীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আবু বক্কর সিদ্দিককে আটক করে পুলিশের কাছে দেওয়া হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করা হয়েছে। মামলায় তিনজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল উদ্দীন জানান, মামলার পর গ্রেপ্তার হওয়া আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর দুই অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে কারা জড়িত এবং তাদের ভূমিকা কী ছিল, তা নিশ্চিত হওয়া যাবে।




অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হউক