সৌদি আরবে ব্যাপক অভিযান: এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে দেশে ফেরত
অভিযানে গ্রেপ্তার ১৪ হাজারের বেশি, আইনি প্রক্রিয়ায় আরও ৩০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক:BNBD365 NEWS
সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনী দেশটিতে ব্যাপক অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ১৪ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১২ হাজার ৬১৩ জনকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ ।
শনিবার (১ আগস্ট) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর গালফ নিউজ, সৌদি গেজেট ও এআরওয়াই নিউজের ।
অভিযানের বিস্তারিত বিবরণ:গত ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত দেশটির বিভিন্ন প্রান্তে যৌথ অভিযান পরিচালনা করে নিরাপত্তা বাহিনী। এই অভিযানে মোট ১৪ হাজার ১৫৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় ।
আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১০৩ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৫৪ জন এবং শ্রম আইন লঙ্ঘন: ৩ হাজার ৩৯৭ জনকে গ্রেফতার করা হয়
অভিযানকালে আরও উল্লেখযোগ্য ঘটনা ঘটে
অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টায় ১ হাজার ৪১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৫ শতাংশ ইথিওপিয়ান এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিল এবং অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টায় আরো ২৩ জনকে গ্রেপ্তার করা হয় ।
আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার অভিযোগে সৌদিতে বসবাসরত ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে ৩০ হাজার ৬৭৯ জন ব্যক্তি আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছেন । তাদের মধ্যে ১৭ হাজার ৯০৩ জনকে ভ্রমণের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ৫ হাজার ৪২৪ জনকে তাদের প্রস্থানের আগে ভ্রমণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে
আইনি প্রক্রিয়াধীনদের মধ্যে ২৮ হাজার ১৮৭ জন পুরুষ এবং ২ হাজার ৪৯২ জন নারী রয়েছেন
মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা, পরিবহন বা আশ্রয় প্রদানকারীদের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল (প্রায় ২ লাখ ৬৬ হাজার ৬০০ ডলার) জরিমানা করা হতে পারে । এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং দোষীদের নাম প্রকাশ করা হবে ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে আসছে এবং দেশটির নাগরিকদের যে কোনো আইন লঙ্ঘনের ঘটনা নজরদারি করতে এবং কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানিয়েছে।
সতর্কতা: সৌদি আরবে প্রবাসীদের তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যথায় তাদের ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, ৬ মাসের কারাদণ্ড এবং দেশত্যাগের শাস্তি হতে পারে ।


