
টেকনাফ প্রতিনিধি;BNBD NEWS
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের পশ্চিমপাড়া সমুদ্র উপকূলে শুক্রবার (৩১ জুলাই) সকালে একটি রোহিঙ্গাবাহী নৌকা ডুবে গেছে। স্থানীয় জেলেরা ১৮ জনকে জীবিত উদ্ধার করলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও ১৩ জন।
জানা গেছে, মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও জান্তা সরকারের মধ্যে চলমান সংঘর্ষের কারণে প্রাণ বাঁচাতে তারা সাগরপথে আশ্রয়ের খোঁজে বের হন। কিন্তু বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির এই ঘটনা ঘটে।
শাহপরীর দ্বীপের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল জানান, নৌকাটিতে মোট ৩১ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকিরা এখনও নিখোঁজ।
উদ্ধার হওয়া ব্যক্তিদের টেকনাফ বিজিবির হেফাজতে রাখা হয়েছিল। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার ১৮ জনকে বিকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।


