ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ গেল শিক্ষিকার, স্বামীর বর্ণনায় হৃদয়বিদারক ঘটনা

BNBD NEWS:নিজস্ব প্রতিবেদক
চোখের চিকিৎসার জন্য স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন (৫৫)। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ছিনতাইকারীর টানে চলন্ত রিকশা থেকে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারান তিনি।
শনিবার (২৯ আগস্ট) ভোরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের ১২ নম্বর বকুলতলা গেটের কাছে এ ঘটনা ঘটে।
স্বামী আবদুল মতিন জানান, শুক্রবার রাতে তারা বগুড়া থেকে বাসে ঢাকার উদ্দেশে রওনা দেন। সকালে কল্যাণপুরে পৌঁছে ব্যাটারিচালিত অটোরিকশায় করে খামারবাড়ির ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে যাচ্ছিলেন তারা।
সংসদ ভবনের কাছাকাছি পৌঁছালে একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার পাশে আসে। মোটরসাইকেলটি কয়েকবার রিকশার সঙ্গে ঘষা লাগানোর পর মতিন প্রতিবাদ করেন। একপর্যায়ে রিকশার গতি কমে গেলে মোটরসাইকেলে থাকা ব্যক্তি পেছন থেকে রনজিনার কাঁধে থাকা ব্যাগ ধরে জোরে টান দেন।
ছিনতাইকারী ব্যাগ নিয়ে দ্রুত চলে গেলেও ওই টানে রনজিনা রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।
মতিনের ভাষ্য অনুযায়ী, স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় অচেতন পড়ে থাকতে দেখে তিনি দ্রুত তার কাছে ছুটে যান। মাথার পেছন থেকে রক্তক্ষরণ হচ্ছিল। নিজের পোশাক দিয়ে ক্ষতস্থান চেপে ধরে তাকে কোলে তুলে একই রিকশায় করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের সুরতহাল প্রতিবেদনে রনজিনার মাথার পেছনে গুরুতর জখম এবং নাক-মুখে রক্তের দাগের কথা উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
রনজিনা পারভীনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার দড়ি সোনাকানিয়া গ্রামে। স্বামী ও একমাত্র মেয়েকে নিয়ে তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় বসবাস করতেন। তার মেয়ে রাইসা নবম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনার পর রনজিনার পরিবার, স্বজন, সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫


