প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় অভিনেত্রী রিধির মৃত্যু

প্রেমিকের সঙ্গে ভিডিও কলে থাকা অবস্থায় অভিনেত্রী রিধির মৃত্যু
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
পুলিশ ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, ঘটনার আগে রিধির সঙ্গে তার এক প্রেমিকের ভিডিও কলে কথা হচ্ছিল। ওই সময় তাদের মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে ভিডিও কলে থাকা অবস্থাতেই রিধি আত্মহত্যা করেন বলে পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিধিকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, রিধির সঙ্গে ওই ব্যক্তির সম্পর্ক, মৃত্যুর আগে তাদের মধ্যে কী ধরনের কথাবার্তা ও বিরোধ হয়েছিল এবং ঘটনার সময়কার পরিস্থিতি—সবকিছু তদন্তের আওতায় আনা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের পাশাপাশি সংশ্লিষ্টদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে।
মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পরিচিতি পান রিধিকা রিধি। পরে অভিনয়েও নিয়মিত কাজ করেন তিনি। ‘এখানে মানুষ বিক্রি হয়’, ‘বহুরূপী’, ‘ডাবল হানিমুন’ ও ‘সুন্দরী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এই অভিনেত্রী।
তবে তার মৃত্যুর ঘটনায় এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ। তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিনোদন প্রতিদিন:BNBD NEWS 365



