মিরপুরে বিএনপি নেতার ওপর গুলি, যুবলীগের দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ

রাজধানীর মিরপুর ১১ নম্বরে সশস্ত্র হামলায় বিএনপির এক নেতা ও একজন পথচারী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে মিরপুরের ‘বি’ ব্লকে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন আলমগীর হোসেন (৪৫)। এ সময় একটি প্রাইভেট কার থেকে নেমে অন্তত চারজন হামলাকারী এলোপাতাড়ি গুলি চালায়। গুলি লাগে আলমগীর ও স্থানীয় বাসিন্দা জোসনার (৬৫)। পায়ে।
আলমগীর মাথা ও পিঠে তিনটি গুলি নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত জোসনাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপির এই নেতা জানান, হামলাকারীদের মধ্যে যুবলীগের দুই কর্মী রুবেল ও বাপ্পীকে তিনি চিনতে পেরেছেন। তবে কেন তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, তা তাঁর জানা নেই। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য ও পেশায় মাছের আড়তদার।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে ‘ল্যাংড়া রুবেল’ নামে পরিচিত সন্ত্রাসী এই হামলার পেছনে থাকতে পারে। পল্লবী থানার ওসি হাসান বাসির জানান, ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে


