প্যারিসে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ, প্রাণ গেল বাংলাদেশি শিশুর

আন্তর্জাতিক ডেস্ক:BNBD365 News
ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তরাঞ্চলীয় শহরতলি ওভেরভিলিয়ে এলাকায় ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নাহিল নামে দুই বছর বয়সী এক বাংলাদেশি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে সেইন-সাঁ-দনি বিভাগের ওভেরভিলিয়ের রুই পল-ভেরলেন এলাকায় একটি বাড়িতে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের তীব্রতায় ভবনের একটি অংশ ধসে পড়ে।
খবর পেয়ে ফরাসি দমকল বাহিনী, পুলিশ ও জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় ১১০ জন দমকলকর্মী এ অভিযানে অংশ নেন। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত উদ্ধারকারী দলও কাজ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশু নাহিল বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে। বিস্ফোরণের পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রাথমিকভাবে গ্যাস লিক থেকেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে গ্যাস লিকের সুনির্দিষ্ট কারণ ও উৎস এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ জানতে ফরাসি কর্তৃপক্ষ বিচারিক তদন্ত শুরু করেছে।
প্রবাসের মাটিতে মাত্র দুই বছরের সন্তানকে হারিয়ে পরিবারটিতে নেমে এসেছে গভীর শোক।



