বাংলাদেশিসহ ২৪ নাবিক নিয়ে ওড়িশা উপকূলে কার্গো জাহাজ ডুবি, চলছে উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক:BNBD NEWS 365
ওড়িশা উপকূল থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে সিঙ্গাপুরগামী একটি কার্গো জাহাজ ডুবে গেছে। জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ২০ জন চীনের, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক বলে জানা গেছে।
জাহাজটি পানামার পতাকাবাহী ছিল এবং ভারতের পারাদ্বীপ বন্দর থেকে লৌহ আকরিক নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। দুর্ঘটনার পর ভারতীয় কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
জাহাজ ট্র্যাকিং সংস্থা ‘মেরিনট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, গত ২০ আগস্ট পারাদ্বীপ বন্দর থেকে জাহাজটি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়। তবে ২২ আগস্ট সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পরে জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ভিক্টরি স্টার গ্রুপ কোং লিমিটেড’ বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার অনুরোধ করে।
খবর পেয়ে ভারতীয় কোস্ট গার্ডের দুটি জাহাজ—‘বরাদ’ ও ‘আনমোল’—উদ্ধার অভিযানে পাঠানো হয়। পাশাপাশি শ্রী বিজয় পুরম থেকে ‘বিজীত’ নামের আরও একটি জাহাজ অভিযানে যুক্ত করা হয়েছে।
তবে সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত জাহাজে থাকা ২৪ নাবিকের কারও উদ্ধারের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ নাবিকদের সন্ধানে সমুদ্র সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার অভিযান শেষ হলে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে আরও তথ্য জানা যেতে পারে।


