
নিজস্ব প্রতিবেদক:ব্রেকিং নিউজ বিডি৩৬৫
দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা নেওয়ার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। আগামী বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে মির্জা আব্বাসের শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। মেডিকেল বোর্ডের ইতিবাচক পরামর্শ পেয়েই তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে, চলতি বছরের ১১ মার্চ পবিত্র রমজানে ইফতারের সময় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। ওই রাতেই তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং মস্তিষ্কে জরুরি অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে ১৪ এপ্রিল তাঁকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে স্থানান্তর করা হয়। এতদিন তিনি সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।
বিদেশে চিকিৎসাধীন থাকা অবস্থাতেই গত ১ আগস্ট স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মির্জা আব্বাসকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনীত করা হয়।
দীর্ঘদিন পর তাঁর সুস্থ হয়ে দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।



