আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব শেখ সেলিমের: শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক:BNBD News
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা বলেন। তিনি জানান, দলের বর্তমান নেতৃত্বের মধ্যে শেখ সেলিম জ্যেষ্ঠ প্রেসিডিয়াম সদস্য হওয়ায় তাঁর অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালনের জন্য তিনি উপযুক্ত।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব, দেশে ফেরার পরিকল্পনা এবং ভারত-বাংলাদেশ সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
দেশে ফেরার প্রসঙ্গে শেখ হাসিনা জানান, তিনি আগামী ডিসেম্বর দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে দেশে ফিরলে বিমানবন্দরেই তাঁকে হত্যার আশঙ্কা রয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে তাঁর কারণে অন্য কারও জীবন ঝুঁকিতে পড়ুক, সেটি তিনি চান না বলে জানান।
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি। তাঁর দাবি, আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যাপকভাবে মামলা দেওয়া হয়েছে এবং অনেকে নির্যাতনের শিকার হচ্ছেন।
দেশে জঙ্গিবাদী শক্তির উত্থানের আশঙ্কার কথাও তুলে ধরেন শেখ হাসিনা। তাঁর মতে, বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে এর প্রভাব প্রতিবেশী দেশ ভারতেও পড়তে পারে।
২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ভারত যাওয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। তাঁর দাবি, তিনি টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ভেবেছিলেন। পরে জানতে পারেন, তাঁকে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে।
দেশে ফেরার বিষয়ে শেখ হাসিনা বলেন, ডিসেম্বর মাসকে তিনি ইচ্ছাকৃতভাবে বেছে নিয়েছেন, কারণ এটি বাংলাদেশের বিজয়ের মাস। দেশে ফেরার ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫
প্রকাশের সময়
সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬


