রাশিয়ায় গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশি নিহত ১, নিখোঁজ ১

BNBD NEWS:আন্তর্জাতিক ডেস্ক
রাশিয়ার গ্যাস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ, বাংলাদেশি নিহত ১, নিখোঁজ ১
রাশিয়ার আমুর অঞ্চলে একটি গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন সাত বাংলাদেশি শ্রমিক।
গত মঙ্গলবার আমুর অঞ্চলের ওই শিল্প কমপ্লেক্সে বিস্ফোরণের ঘটনা ঘটে। মস্কোয় বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, নিহত বাংলাদেশি শ্রমিকের নাম জাকির হোসেন। তিনি কিশোরগঞ্জের ভৈরবের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন মো. আলাল হোসেন রাজু। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। বিস্ফোরণে কয়েকজনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিখোঁজ আলাল হোসেন এসব মরদেহের মধ্যে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
দূতাবাস জানিয়েছে, দুর্ঘটনায় মোট অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত সাত বাংলাদেশি শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য মস্কোর একটি বিশেষায়িত হাসপাতালে নেওয়া হচ্ছে। তাদের মধ্যে ছয়জন বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। আহতদের চিকিৎসার বিষয়টি মস্কোয় নেওয়ার পর বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে থাকবে।
জানা গেছে, বিস্ফোরণস্থল আমুর গ্যাস কেমিক্যাল কমপ্লেক্স, যা চীনের সিনোপ্যাক ইঞ্জিনিয়ারিং গ্রুপের অধীনে পরিচালিত। প্রতিষ্ঠানটি পলিথিন ও পলিপ্রোপিলিন উৎপাদনের জন্য পরিচিত এবং রাশিয়া ও আন্তর্জাতিক বাজারে এসব পণ্য সরবরাহ করে।
এদিকে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ ও সহায়তার জন্য মস্কোয় বাংলাদেশ দূতাবাস ২৪ ঘণ্টার হটলাইন চালু করেছে। নিখোঁজ ও আহত শ্রমিকদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য এবং সহায়তা দিতে দূতাবাস সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছে।



