আরব আমিরাতে ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট বাতিল

মার্কিন নতুন নিষেধাজ্ঞার প্রভাব; সংযুক্ত আরব আমিরাতগামী ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট বাতিল, আঞ্চলিক রুটেও দেখা দিয়েছে বিঘ্ন।
আন্তর্জাতিক ডেস্ক | BNBD365 NEWS
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) উদ্দেশ্যে পরিচালিত ইরানি এয়ারলাইনগুলোর সব ফ্লাইট বাতিল করা হয়েছে। নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
ইরানি শিক্ষার্থী সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার মধ্যরাত থেকে ইউএইগামী ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তেহরান থেকে দুবাইগামী ইরান এয়ারট্যুরের একটি ফ্লাইটও উড্ডয়নের কিছুক্ষণ আগে বাতিল করা হয়।
এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ঘোষণা করেন, ২৩ সেপ্টেম্বর থেকে ইরানি এয়ারলাইনগুলোর আন্তর্জাতিক কার্যক্রমে সহযোগিতা করা বিদেশি বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী ও অন্যান্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হবে।
ইরানি বিমানকে জ্বালানি সরবরাহ, অবতরণের সুবিধা দেওয়া কিংবা টিকিট বিক্রির মতো সেবা অব্যাহত রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়তে পারে বলেও সতর্ক করা হয়।
ইউএই ছাড়াও ইরানের আন্তর্জাতিক বিমান চলাচলে এরই মধ্যে বিভিন্ন ধরনের বিঘ্ন দেখা দিয়েছে। বাগদাদ, মাসকাটসহ কয়েকটি আঞ্চলিক রুটে ফ্লাইট বন্ধ হওয়ার খবর পাওয়া গেছে। আজারবাইজান ও জর্জিয়াতেও ইরানি বিমান চলাচল স্থগিত হওয়ার তথ্য বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।
তবে চীনসহ কয়েকটি গন্তব্যে ইরানি বিমান চলাচল সীমিত পরিসরে অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
নতুন মার্কিন নিষেধাজ্ঞার ফলে ইরানের আন্তর্জাতিক বিমান যোগাযোগ আরও সীমিত হয়ে পড়ছে। এর ফলে দেশটির এয়ারলাইনগুলোর বিদেশি রুটে পরিচালন কার্যক্রম ও যাত্রী পরিবহনে নতুন করে চাপ তৈরি হয়েছে।
ব্রেকিং নিউজ বিডি ৩৬৫
সব খবর সবার আগে



