ফতুল্লায় সরকারবিরোধী মিছিল থেকে ছাত্রলীগের চার নেতা আটক

সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে ভোরে অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকায় সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে অভিযান চালিয়ে ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোরে মাসদাইর এলাকার ইসদাইর পৌর স্টেডিয়ামসংলগ্ন একটি গলি থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, ভোর ৬টার দিকে মাসদাইর-অক্টো অফিসের সামনে সরকারবিরোধী মিছিলের খবর পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে ইসদাইর পৌর স্টেডিয়ামসংলগ্ন গলি থেকে চারজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বড়বাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিশাদ মিয়া, রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ নেতা মো. শিশির, মো. সাইফুল ইসলাম এবং কুয়াকাটা পৌর ছাত্রলীগ নেতা মো. সিফাত।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারবিরোধী মিছিলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া করে চারজনকে আটক করেছে।
এদিকে একই এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে জেলা ছাত্রসমাজের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রসমাজের সাবেক সহসভাপতি শাহাদাৎ হোসেন রুপুকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ব্রেকিং নিউজ বিডি
সব খবর সবার আগে



