বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ৫ জেলের মরদেহ উদ্ধার

BNBD NEWS 365:বরগুনা প্রতিনিধি
বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার মধ্যে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ হওয়া পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে গভীর সাগর থেকে তাদের মরদেহের সন্ধান পাওয়া যায়।
ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এফবি বরকত’। সোমবার দুপুরে প্রচণ্ড ঝড় ও উত্তাল ঢেউয়ের মধ্যে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ওই সময় ট্রলারে মোট ১৩ জন জেলে ছিলেন। দুর্ঘটনার পর আটজন জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও পাঁচজন নিখোঁজ ছিলেন।
উদ্ধার হওয়া পাঁচ জেলের পরিচয় হলো—মো. নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইফুল (৩৩), ইব্রাহিম (২৮) ও বেল্লাল (২২)। তাদের সবার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নে। তাদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
ট্রলারের মালিক ও মাঝি বাদল মোল্লা জানান, গভীর সাগর থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করে একটি ট্রলার উপকূলের দিকে রওনা হয়েছে। পাথরঘাটায় পৌঁছাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে।
দুর্ঘটনার সময় সাগরে প্রচণ্ড ঝড় ও তুফান চলছিল বলে জানান জীবিত উদ্ধার হওয়া জেলে ও ট্রলারের বাবুর্চি ইউনুস মোল্লা। তিনি বলেন, জাল ফেলার প্রস্তুতির সময় কয়েকজন জেলে ক্লান্ত হয়ে ট্রলারের ব্রিজের ভেতরে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ বড় ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়।
দুর্ঘটনার পর আটজন জেলে প্রায় দুই ঘণ্টা সাগরে ভেসে থাকার পর অন্য একটি ট্রলারের সহায়তায় প্রাণে বেঁচে যান।
নিখোঁজ পাঁচ জেলেকে উদ্ধারে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির পক্ষ থেকেও সাগরে একটি ট্রলার পাঠানো হয়।
বরগুনা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর সোমবারই নিখোঁজ জেলেদের সন্ধানে ট্রলার পাঠানো হয়েছিল। মঙ্গলবার ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাওয়ার পর সেটির ভেতর থেকে পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন জানিয়েছেন, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সহযোগিতায় মরদেহগুলো সাগর থেকে পাথরঘাটায় আনা



