তারেক রহমানের দিল্লি সফর ঘিরে নতুন আলোচনা, ঘণ্টাখানেক পর ভারতের বিজ্ঞপ্তি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক:BNBD NEWS 365
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। দিল্লিতে তার আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির ইঙ্গিত দিয়ে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও প্রায় এক ঘণ্টার মধ্যেই সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুর ২টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে জানানো হয়, শনিবার (২২ আগস্ট) রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে নিয়মিত ‘চেঞ্জ অব গার্ড’ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে না।
বিজ্ঞপ্তিতে এর কারণ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার পূর্ণাঙ্গ মহড়ার কথা উল্লেখ করা হয়। ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শিরোনামে প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক অভ্যর্থনার প্রস্তুতির কারণে শনিবারের নির্ধারিত অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে।
তবে ওই সময় পর্যন্ত বাংলাদেশ বা ভারত—কোনো পক্ষই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। ফলে রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তিটি প্রকাশের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়।
এরপর বিকেল ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতির কার্যালয় থেকে নতুন একটি বিবৃতি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২১ আগস্ট প্রকাশিত ‘নো চেঞ্জ অব গার্ড সেরেমনি দিস স্যাটারডে’ শীর্ষক সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হয়েছে।
ভারতের রাষ্ট্রপতি ভবনে বিদেশি রাষ্ট্রপ্রধান ও গুরুত্বপূর্ণ অতিথিদের রাষ্ট্রীয় সফরের সময় আনুষ্ঠানিক অভ্যর্থনার আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের অনুষ্ঠানে সাধারণত গার্ড অব অনার, জাতীয় সংগীত পরিবেশন এবং ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে অতিথির আনুষ্ঠানিক পরিচয়পর্বের মতো আয়োজন থাকে।
রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি প্রকাশ ও পরে প্রত্যাহারের ঘটনায় তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে সফরের বিষয়ে দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হিসেবে দেখার সুযোগ নেই।



