‘পথহারা মন’: বাবা-সন্তানের টানে দর্শকদের চোখের জল

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!
বিনোদন প্রতিদিন:BNBD NEWS
প্রেম আর পরিবারের টানাপড়েনের গল্পে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ইউটিউব ফিল্ম ‘পথহারা মন’ প্রকাশের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। গত শুক্রবার চ্যানেল আইতে প্রচারের পর সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই নাটকটি। আর মুক্তি পেতেই দর্শকরা তাদের আবেগ ধরে রাখতে পারেননি—অনেকেই মন্তব্য করে জানিয়েছেন, শেষ দৃশ্যগুলো দেখতে দেখতে কেঁদে ফেলেছেন।
‘পথহারা মন’-এ বাবার চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। দীর্ঘদিন পর এমন আবেগঘন ভূমিকায় তাকে পেয়ে মুগ্ধ দর্শকরা। তার পাশাপাশি নতুন প্রজন্মের খায়রুল বাসার ও তটিনীর অভিনয়ও প্রশংসা কুড়িয়েছে। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, দীপা খন্দকার ও এজাজুল ইসলাম। বিশেষ করে শেষের দিকে জাহিদ হাসান ও দীপা খন্দকারের রসায়নকে অসাধারণ বলেছেন অনেকে।
ইউটিউবের কমেন্ট বক্স জুড়ে এখন প্রশংসার বন্যা। মোহাম্মদ আলী লিখেছেন, ‘এই নাটক বেস্ট ফরএভার। সাধারণত কমেন্ট করি না, কিন্তু এটা দেখে না করে পারলাম না।’ তানিয়া ইসলাম জানান, ‘এক মুহূর্ত চোখ সরাতে পারিনি, শেষের দিকে কেঁদেছি।’ মোরশেদুল ইসলাম মনে করছেন, এ বছরের মাইলফলক কাজ হয়ে থাকবে ‘পথহারা মন’।
প্রবাসী দর্শক নজরুল ইসলাম লিখেছেন, ‘দূর প্রবাসে থেকে এমন নাটক দেখে পরিবারকে মিস করি আর কান্না করি।’ অনেকেই জাহিদ হাসানকে আবারও অভিনয়ে ফিরিয়ে আনার জন্য নির্মাতা রাজকে ধন্যবাদ জানিয়েছেন। গল্প, সংলাপ আর অভিনয়ের সমন্বয়ে ‘পথহারা মন’ যে হৃদয় ছুঁয়ে যায়, তা মন্তব্যের প্রতিটি লাইনেই স্পষ্ট।




