এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব

কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে অভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড ও তদারকি ব্যবস্থা তৈরির আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত অগ্রগতিকে মানুষের নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক আইনের আওতায় রাখতে বৈশ্বিক উদ্যোগের আহ্বান জানিয়েছে ২০টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে এআই ব্যবহারের জন্য অভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড তৈরি এবং সেগুলোর বাস্তবায়ন তদারকিতে একটি বৈশ্বিক সংস্থা গঠনের সম্ভাবনা যাচাইয়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে এআইয়ের অগ্রগতি ও সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিশ্বনেতাদের আলোচনার প্রস্তুতির মধ্যেই বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এআই প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহার অবশ্যই আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পাশাপাশি এআই ব্যবস্থার ওপর মানুষের নির্দেশনা, নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
প্রস্তাবিত উদ্যোগের আওতায় বিভিন্ন দেশের মধ্যে এআই নিয়ে অভিন্ন মানদণ্ড তৈরি, প্রযুক্তিটির নিরাপত্তা-সংক্রান্ত বড় ঘটনা সম্পর্কে তথ্য বিনিময় এবং একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সম্ভাব্য কাঠামো নিয়ে কাজ করার কথা বলা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এআইয়ের সক্ষমতা নির্ধারিত সীমা অতিক্রম করলে প্রয়োজনীয় নিরাপত্তা ও নিয়ন্ত্রণমূলক মানদণ্ড নির্ধারণ এবং সেগুলো যাচাইয়ের কাজে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে এআই বিষয়ে আলোচনা ও সমন্বয়ের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি কাজ করতে পারে।
জার্মানি, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরসহ বেশ কয়েকটি দেশ যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। তবে যুক্তরাষ্ট্র ও চীনসহ কয়েকটি বড় এআই শক্তিধর দেশ এতে স্বাক্ষর করেনি। ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাজ্য ও ফ্রান্সও স্বাক্ষরকারীদের তালিকায় নেই। অবশ্য পরবর্তী সময়ে অন্য দেশগুলোর জন্যও এতে যুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে।
এদিকে এআই প্রযুক্তির নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে প্রযুক্তি খাতেও আলোচনা চলছে। অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেই এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন। তাঁর এই অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন ওপেনএআইয়ের প্রধান স্যাম অল্টম্যান এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক।
একই সময়ে ওপেনএআই উন্নত এআই প্রযুক্তির জন্য আন্তর্জাতিক কারিগরি মানদণ্ড তৈরিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ-সমর্থিত একটি স্বাধীন আন্তর্জাতিক এআই বৈজ্ঞানিক প্যানেলও প্রযুক্তিটির নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছে।
ব্রেকিং নিউজ বিডি
সব খবর সবার আগে



