রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২য় ইউনিট কারিগরি ত্রুটিতে বন্ধ

কারিগরি ত্রুটিতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ, মেরামতে সময় লাগতে পারে অন্তত চার দিন।
BNBD365 NEWS:বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে। রোববার সকাল ১১টা থেকে ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে।
কেন্দ্রটির মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্বিতীয় ইউনিটের ত্রুটি মেরামতের কাজ চলছে। ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত চার দিন সময় লাগতে পারে।
তবে ঠিক কী ধরনের কারিগরি ত্রুটির কারণে ইউনিটটি বন্ধ হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।
এদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট স্বাভাবিকভাবে চালু রয়েছে। ওই ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট ২০২৩ সালে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে। পরবর্তী সময়ে ২০২৪ সালের মার্চে ইউনিটটি বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদনে যায়।



