ইন্দোনেশিয়ায় ফেরি অগ্নিকাণ্ড: নিহত ৫ নিখোঁজ ৪১ উদ্ধারকাজ চলমান

আন্তর্জাতিক ডেস্ক:BNBD365 News
ইন্দোনেশিয়ার জলসীমায় যাত্রীবাহী ফেরি ‘মুতিরা সেন্টোসা-২’-এ আগুন লেগে এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন।
রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭টার মধ্যে পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের উদ্দেশে যাত্রার সময় মাদুরা দ্বীপের উপকূলে এই অগ্নিকাণ্ড ঘটে। ফেরিটিতে ২৩২ জন যাত্রী ও ৩৯ জন ক্রু সদস্যসহ মোট ২৭১ জন যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার অভিযান সংস্থা। দুপুরের মধ্যে উদ্ধারকারী দল ও আশপাশের জাহাজগুলো মিলে ২২৫ জনকে নিরাপদে উদ্ধার করেছে। তবে এখনও ৪১ জন নিখোঁজ রয়েছেন, যাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার অভিযানে ৯টি জাহাজ অংশ নিচ্ছে। এর মধ্যে মেরাটাস পেমাতাং সিয়ান্তর জাহাজটি সবচেয়ে বেশি—১১১ জনকে উদ্ধার করেছে। আগুনের খবর পেয়ে প্রথমে উদ্ধার কাজে এগিয়ে আসে টিবি হাসনুর ২৬ ও ব্রিটিশ মেন্টর জাহাজ দুটি। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজের ক্যাপ্টেন কর্তৃপক্ষকে আগুন লাগার সংবাদ দেন। স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে লাইফ জ্যাকেট পরিহিত যাত্রীরা লাইফবোটে এবং জাহাজের ওপরের ডেকে জড়ো হতে দেখা গেছে।
ঝুঁকিপূর্ণ সামুদ্রিক পথ প্রায় ১৭ হাজারের বেশি দ্বীপবিশিষ্ট ইন্দোনেশিয়ায় ফেরি যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও এখানে সামুদ্রিক দুর্ঘটনা প্রায়শই ঘটে। নিরাপত্তা বিধি দুর্বল থাকাকে এর অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই দুর্ঘটনার কারণ এখনও তদন্তাধীন রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুন পুরোপুরি জাহাজটিকে গ্রাস করেছিল এবং উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছেন।




