ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিলের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের

- BnBd News আন্তর্জাতিক ডেক্স: ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দিলে এবং কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে সম্পাদিত বেসামরিক পারমাণবিক চুক্তি বাতিল করে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘আব্রাহাম আকর্ডস’-এ যুক্ত হতে হবে রিয়াদকে, অন্যথায় এই চুক্তি কার্যকর করা হবে না।
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নাটকীয় মোড়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণকে বড় শর্ত হিসেবে সামনে এনে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতার চুক্তি স্থগিতের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, আঞ্চলিক শান্তি চুক্তি ‘আব্রাহাম আকর্ডস’-এ সৌদি আরবের অংশগ্রহণ বাধ্যতামূলক, অন্যথায় পরমাণু সংক্রান্ত এই চুক্তি বাস্তবায়িত হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, সৌদির সঙ্গে এই পারমাণবিক সহযোগিতা শুধুমাত্র বেসামরিক কাজের জন্যই নির্ধারিত। তবে তিনি স্পষ্ট করে দেন, এই চুক্তির বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ওপর।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আঞ্চলিক এই শান্তি চুক্তিতে সৌদি আরব অংশ না নিলে চূড়ান্ত চুক্তি বাস্তবায়ন সম্ভব নয়। অন্যদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এটিকে মধ্যপ্রাচ্যের শান্তির জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে বর্ণনা করেছে।
উল্লেখ্য, ইতিপূর্বে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মার্কিন প্রযুক্তি ব্যবহারে পরমাণু চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল ওয়াশিংটন ও রিয়াদ। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের এই কঠোর শর্তের কারণে দীর্ঘ প্রতীক্ষিত কূটনৈতিক সমঝোতাটি এখন চরম অনিশ্চয়তার মুখে পড়ল।
আন্তর্জাতিক




