পুরান ঢাকায় ক্রিকেটের নতুন অধ্যায়, ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

Bnbd News: পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য পুনরুদ্ধার এবং নতুন প্রজন্মের প্রতিভাবান ক্রিকেটার তৈরি করতে যাত্রা শুরু করেছে ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বংশালের বাংলাদেশ মাঠে এক জমকালো আয়োজনের মাধ্যমে একাডেমিটির উদ্বোধন করা হয়。 অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। সভাপতিত্ব করেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ。
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, এনামুল হক বিজয়, হাসিবুর রহমান শান্ত, সাবেক হকি তারকা কামরুল ইসলাম কিসমত, রফিকুল ইসলাম কামাল এবং পুরান ঢাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকরা。
একাডেমির পরিকল্পনাকারী মেহরাব হোসেন অপি জানান, পুরান ঢাকায় ক্রিকেটের সমৃদ্ধ ঐতিহ্য থাকলেও দীর্ঘদিন ধরে প্রতিভা বিকাশের জন্য একটি আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণকেন্দ্রের অভাব ছিল—যে শূন্যতা পূরণ করতেই এই উদ্যোগ। তার ভাষ্য, এখান থেকে ভবিষ্যতে জাতীয় দলের জন্য দক্ষ ও মেধাবী ক্রিকেটার তৈরি করাই তাদের মূল লক্ষ্য。
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম পুরান ঢাকার মাঠগুলো সংস্কার ও খেলাধুলার উপযোগী করে তুলতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন。 সংসদ সদস্য হামিদুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই, তাই ক্রিকেটের পাশাপাশি ফুটবলসহ সব ধরনের খেলাধুলার প্রসারে গুরুত্ব দিতে হবে。
সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন বলেন, পুরান ঢাকার এই মাঠ থেকেই একসময় জাতীয় দলের অনেক ক্রিকেটার উঠে এসেছেন। সঠিক পরিচর্যা ও সুযোগ পেলে ভবিষ্যতেও এখান থেকে নতুন তারকা তৈরি হবে। তিনি আরও বলেন, একজন ক্রিকেটার গড়ে তুলতে শুধু কোচ নয়, পরিবার, স্থানীয় মানুষ এবং মাঠ—সবকিছুরই ভূমিকা রয়েছে। মাঠ বাঁচলে দেশের ক্রিকেটও আরও সমৃদ্ধ হবে।
আয়োজকদের আশা, ওল্ড ঢাকা ক্রিকেট একাডেমি পুরান ঢাকার ক্রিকেট ঐতিহ্য পুনরুজ্জীবিত করার পাশাপাশি দেশের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


