হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সিস্টেম মাইগ্রেশনের কারণে ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সেবা বন্ধ
ঢাকা ৬ অক্টোবর ২০২৬
আগাম কোনো ঘোষণা ছাড়াই দেশের ৩০টি ব্যাংকের কিউক্যাশ নেটওয়ার্কভুক্ত কার্ড, এটিএম ও পয়েন্ট অব সেল (পিওএস) সেবা বন্ধ রয়েছে। এতে এসব ব্যাংকের গ্রাহকদের মধ্যে ভোগান্তি তৈরি হয়েছে।
জানা গেছে, ৪ অক্টোবর রাত ৯টা থেকে কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এসব সেবা বন্ধ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী ১০ অক্টোবর দুপুর ১২টা পর্যন্ত সেবা বন্ধ থাকার কথা রয়েছে।
সংশ্লিষ্ট ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী, কিউক্যাশ নেটওয়ার্কের সিস্টেম মাইগ্রেশন ও প্রযুক্তিগত উন্নয়নকাজের কারণে সাময়িকভাবে এসব সেবা বন্ধ রাখা হয়েছে। তবে এতগুলো ব্যাংকের কার্ড ও এটিএম সেবা বন্ধের বিষয়ে বাংলাদেশ ব্যাংককে আগে থেকে জানানো হয়নি বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, সিস্টেম মাইগ্রেশনের বিষয়টি হতে পারে; তবে এত বড় পরিসরে সেবা বন্ধের আগে কেন্দ্রীয় ব্যাংককে অবহিত করা প্রয়োজন ছিল। বিষয়টি নিয়ে গভর্নরও অসন্তোষ প্রকাশ করেছেন।
সেবা বন্ধ থাকায় কিউক্যাশ নেটওয়ার্কের আওতাধীন এটিএম, ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) ও পিওএস টার্মিনাল ব্যবহার করা যাচ্ছে না। তবে অন্যান্য ব্যাংকের এটিএম-পিওএস, বাংলা কিউআর এবং বিকাশ, নগদ, রকেট, ট্যাপ ও উপায়ের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সেবার মাধ্যমে লেনদেন চালু রয়েছে।
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, মাইগ্রেশনের কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে সংশ্লিষ্ট সেবাগুলো দ্রুত চালু করা হতে পারে।
ব্রেকিং নিউজ বিডি
চলো একসাথে এগিয়ে যাই



