
BnBd365 News Desk
রাজধানীর উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান ও স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেনের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো জরুরি বার্তায় জানানো হয়, রোববার (২ আগস্ট) ৪৬ নম্বর ওয়ার্ডের উত্তরখান রাজাবাড়ি এসটিএস এলাকায় এ ঘটনা ঘটে। সংস্থাটির অভিযোগ, ওই এলাকায় পরিচ্ছন্নতাকর্মীদের ওপর স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে যান ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন, পুলিশের উপ-কমিশনার এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা। এ সময় প্রশাসক ও সংসদ সদস্যের ওপরও হামলার ঘটনা ঘটে বলে ডিএনসিসি জানিয়েছে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।



